Print Date & Time : 07 November 2026 Saturday 09:21 pm

বার্মিজ অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় একটি নালায় মাছ ধরার জালে আটকা পড়া আট ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা সাপটিকে নিরাপদ হেফাজতে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের নালায় পাতা মাছ ধরার মাচায় অজগরটি আটকে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্সের সংগঠক হৃদয় বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটিকে মেরুং রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। সাপটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে দ্রুতই সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে সাপটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য ক্ষতিকর বা আক্রমণাত্মক নয়। তাই লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

—জা. অর্থনীতি/এলএটি