বিনোদন ডেস্ক: বাংলাদেশের পাপেট শিল্পের জনক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে একুশে পদকজয়ী এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৯১ বছর। তার এই প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ও পরবর্তীতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সেখানেই আজ সকালে তিনি বিদায় নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মেরী মনোয়ার, ছেলে সাদাত মনোয়ার ও মেয়ে নন্দিনী মনোয়ারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করা মুস্তাফা মনোয়ার কলকাতা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ১৯৫৯ সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র উপ-মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘একুশে পদক’-এ ভূষিত হন। এছাড়া দীর্ঘ কর্মজীবনে টেনাশিনাস পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন তিনি।
—জা. অর্থনীতি/এলএটি