Print Date & Time : 28 October 2026 Wednesday 07:00 am

পাওনা টাকা নিয়ে দুই দলের সংঘর্ষ, নিহত ১

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে খাদিম মিয়া নামে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৮ জুন) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদিম মিয়া ধরন্তী গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া একই ইউনিয়নের ধরন্তী গ্রামের আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির ১ লাখ টাকা পাওনা ছিলেন। রোববার রাতে মোশাররফ বাজারে তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা জানান, একই গ্রামের খাদিম মিয়া টাকা দিতে বারণ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে দুই গ্রামের মধ্যে উত্তেজনায় রূপ নেয়।

এরই জের ধরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই পক্ষ দীর্ঘক্ষণ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে বেশ কিছু সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এ ঘটনায় ১ জন নিহত হওয়া ছাড়াও আহত হন অন্তত ৩০ জন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি