সিলেট প্রতিনিধি: সিলেটে নিজের দুই সন্তানসহ নয়দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন জুলি বেগম (৩০) নামে এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর নিখোঁজের ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও রহস্যের দানা বেঁধেছে। স্ত্রী ও সন্তানদের ফিরে পেতে সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী আজাদ মিয়া। দক্ষিণ সুরমা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম, তার বড় মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) এবং ছোট ছেলে আজান আহমদ (৩)।
পরিবারকে বরাত দিয়ে পুলিশ জানান, গত ২১ জুন রাতে দক্ষিণ সুরমার ভার্থখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে অনুমতি ছাড়াই বেরিয়ে যান জুলি বেগম। বিষয়টি সে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি। তবে তার স্ত্রীর সাথে কোনো প্রকার ঝগড়াঝাঁটি বা মনমালিন্য ছিল না। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে তার পরিবার বর্তমানে সিলেট নগরীর উপশহর এলাকায় বসবাস করছে।
এসআই বলেন, "পুরো বিষয়টি বেশ রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করছে। আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে হন্যে হয়ে খুঁজছেন। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিনজনের কোনো হদিস মেলেনি।"
নিখোঁজদের উদ্ধারে এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।