ববি প্রতিনিধি: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনন্য সাফল্য অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত তালিকায় এবার বিশ্ববিদ্যালয়টির ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
রবিবার (২৮ জুন) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এবারের ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৭তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন— মো. মনিরুজ্জামান হাসান (পররাষ্ট্র), নাহিদ হাসান (পুলিশ), শওরাত জাহান সুমি (প্রশাসন), গোপাল দেবনাথ (পুলিশ), তানজিল আহাদ রঞ্জু (প্রশাসন), শফিকুল ইসলাম রাকিব (প্রশাসন), রুবেল হোসেন (শিক্ষা), আব্দুল্লাহ আন নোমান (শিক্ষা), সৈকত খন্দকার (আনসার), আব্দুল্লাহ মারুফ (শিক্ষা), সাজ্জাত এইচ. ডালিম (শিক্ষা), রাশেদ ইসলাম (শিক্ষা), শাহানা মুন্নি (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) এবং সাজ্জাদ হোসেইন (শিক্ষা)।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার বিশ্ববিদ্যালয়টি থেকে শিক্ষা ক্যাডারে ৬ জন, প্রশাসন ক্যাডারে ৩ জন, পুলিশ ক্যাডারে ২ জন এবং পররাষ্ট্র, আনসার ও অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে ১ জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে ৪৬তম বিসিএসেও এই বিশ্ববিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ধারাবাহিক এই সাফল্যে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুনতাসির রাহি বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৪৭তম বিসিএসে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রেকর্ডসংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এমন সাফল্য আমাদের মতো বর্তমান শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে।"
শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, "নানা প্রতিকূলতার মধ্যেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষস্থান ধরে রেখেছেন। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতারই প্রতিফলন।" তারা আশা প্রকাশ করেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
—জা. অর্থনীতি/এলএটি