Print Date & Time : 26 October 2026 Monday 09:28 pm

দেশসেরা সাইবার সিকিউরিটি ক্লাবের স্বীকৃতি পেল নজরুল বিশ্ববিদ্যালয়

image

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তাবিষয়ক আয়োজন ‘ফিনিক্স সামিট ঢাকা ২০২৬’-এ "বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব ইন বাংলাদেশ ২০২৬" সম্মাননা অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাইবার সিকিউরিটি ক্লাব। গত ২৬ ও ২৭ জুন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামিটে দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাইবার সিকিউরিটি ক্লাবগুলোর মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয় ক্লাবটি।

দ্য টিম ফিনিক্স গ্রুপ আয়োজিত এ সামিটের প্রতিপাদ্য ছিল "Closing the Cyber Gap in Emerging Economies"। ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত এই পাঁচ দিনব্যাপী আয়োজনে কর্মশালা, কারিগরি অধিবেশন, প্যানেল আলোচনা ও প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নেন সরকারি কর্মকর্তা, প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সামিটে জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের সদস্যরা রেড টিম ও ব্লু টিম অপারেশন, থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি এবং ইনসিডেন্ট রেসপন্সসহ বিভিন্ন কারিগরি অধিবেশনে অংশ নেন। এ ছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান তারা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এ এস এম শামীম রেজা, থিম্পু টেকপার্কের চিফ প্রোগ্রাম অফিসার কিনলে শেরিং, অ্যাক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল এবং রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের সাইবার সিকিউরিটি ডিরেক্টর ফাউজিয়া ইদ্রিসসহ দেশি-বিদেশি অতিথিরা।

সম্মাননা পাওয়ার পর ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা অনুভূতি ব্যক্ত করে বলেন, "জাতীয় পর্যায়ের এমন একটি মঞ্চে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে দেশের সেরা সাইবার সিকিউরিটি ক্লাবের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা গর্বিত। এই অর্জন ক্লাবের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি। এটি শুধু ক্লাবের নয়, আমাদের বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগেরও একটি বড় অর্জন।"

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই স্বীকৃতি ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

—জা. অর্থনীতি/এলএটি