Print Date & Time : 28 October 2026 Wednesday 07:34 am

মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তাপাড়সহ বৃহত্তর রংপুরের দুঃখ লাঘব হবে

image

লালমনিরহাট প্রতিনিধি: চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে এবং এটি বাস্তবায়িত হলে তিস্তাপাড়সহ বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ লাঘব হবে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, "সংসদ নেতা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রধান এজেন্ডাই ছিল তিস্তা মেগা প্রকল্প। তিনি দেশে ফিরে সংসদেও বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সরকার এখন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"

তিনি আরও স্মরণ করিয়ে দেন, "তিস্তা বাঁচাও আন্দোলন আমরাই করেছিলাম। সেই আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মেগা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ দল (এক্সপার্ট টিম) তিস্তাপাড় পরিদর্শনও করেছে। প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হলে তিস্তা আর অভিশাপ নয়, এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদে পরিণত হবে।"

অপর এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সমালোচনা করে এমপি বাবুল বলেন, "তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মূল আন্দোলন আমরাই করেছি এবং করে যাচ্ছি, যার সুফল এখন তিস্তাপাড়ের মানুষ পেতে যাচ্ছে। অথচ একটি দল লোকদেখানো আন্দোলনের নামে তিস্তাপাড়ে কর্মসূচি দিয়েছিল, যা ছিল অত্যন্ত হাস্যকর ও জনবিচ্ছিন্ন।"

উল্লেখ্য, এদিন তিস্তাপাড়ের বন্যাদুর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার পৃথক স্থানে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

ভোটমারী ইউনিয়নের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের মো. রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাজহানুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

—জা. অর্থনীতি/এলএটি