সাতক্ষীরা প্রতিনিধি: পরীক্ষা দিতে যাওয়ার পথে দ্রুতগতির বাসের চাপায় কুশল সরদার (১৩) নামে সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্র নিহত হয়েছে। তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (১ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজারে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কুশলের বাবা ও স্কুলশিক্ষক কানাই লাল সরদার গুরুতর আহত হয়েছেন।
নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং নলতা গ্রামের বাসিন্দা রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে। কুশলের মা মৌমিতা সরদারও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুশলের স্কুলে পরীক্ষা থাকায় মোটরসাইকেলে করে তাকে নিয়ে বের হন বাবা কানাই লাল সরদার। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস (খুলনা জ-০৫-০০৪৯) তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এসআই জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা রোধে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি