Print Date & Time : 28 October 2026 Wednesday 05:56 am

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছায়।

উপহারের এই আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করেছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ‘সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল’।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে প্রতিবছরই বাংলাদেশের সরকারপ্রধানের তরফ থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মৌসুমি ফল আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ১২০টি কার্টনে করে মোট ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, উপহারের আমগুলো কাস্টমস ক্লিয়ারিং শেষে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইকমিশনের মাধ্যমে আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেওয়া হবে।