Print Date & Time : 08 November 2026 Sunday 07:55 pm

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৯

image

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইভরি কোস্টের সরকারি মুখপাত্র আমাদু কুলিবালি মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চলতি বছর বন্যায় ৫৯ জনের এই মর্মান্তিক ও উচ্চ মৃত্যুর হারে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। গত সোমবার থেকে শুরু হওয়া কয়েকদিনের টানা মুষলধারে বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আইভরি কোস্ট এবং প্রতিবেশী দেশ ঘানার রাজধানী শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশ মিলিয়ে সোমবারেই অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন।

তবে আইভরি কোস্টের মুখপাত্র কুলিবালি সাম্প্রতিকতম এই বন্যায় নির্দিষ্টভাবে ঠিক কতজন মারা গেছেন, তা আলাদা করে উল্লেখ করেননি। টানা বৃষ্টির ফলে ঘানার রাজধানী আক্রা এবং পার্শ্ববর্তী টেমা শহরের রাস্তাঘাট ও বহুতল ভবনগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে রাজধানীর বেশ কিছু এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে, আইভরি কোস্টের জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী মিস বেলমন্ড ডোগো জানান, কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের বেশিরভাগই বাণিজ্যিক রাজধানী আবিদজানের আতেকুবে এবং ইয়োপুগন পৌরসভার বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি মুখপাত্র কুলিবালি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এপি

জা.অর্থনীতি/এসআই