Print Date & Time : 08 November 2026 Sunday 05:37 pm

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

image

অনলাইন ডেস্ক: টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারট ২,২৪,১৮২ টাকা, ২১ ক্যারট ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারট ১,৮৩,৮৮৩ টাকা, সনাতন পদ্ধতি ১,৫০,২৩২ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি এর সাথে যুক্ত হবে।

স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ৩০ জুন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বাড়ানো হয়েছে, ৪২ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম হ্রাস পেয়েছিল। স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। রুপার নতুন মূল্য তালিকা: ২২ ক্যারট ৪,৭৮২ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারট ৪,৫৪৯ টাকা (প্রতি ভরি), ১৮ ক্যারট ৩,৯০৭ টাকা (প্রতি ভরি), সনাতন পদ্ধতি ২,৯৭৪ টাকা (প্রতি ভরি)।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫২ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। বিগত ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বারই দাম বেড়েছিল।

জা.অর্থনীতি/এসআই