Print Date & Time : 08 November 2026 Sunday 06:01 am

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নীতিমালা

image

২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধনে নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে প্রাক-নিবন্ধনকালে হজযাত্রীদের আবশ্যিকভাবে ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

বুধবার (০১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের পত্রে জানানো হয়েছে, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হজযাত্রীদের নিম্নলিখিত তথ্য ও নথিপত্র অবশ্যই প্রদান করতে হবে:

জাতীয় পরিচয়পত্র (NID) অথবা বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ।

পাসপোর্ট সাইজের ছবি।

সক্রিয় মোবাইল নম্বর।

ব্যাংক হিসাব (Account) নম্বর।

একই পরিবারের একাধিক ব্যক্তি একসঙ্গে হজে যেতে চাইলে, পরিবারের সবার জন্য একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তা গ্রহণযোগ্য হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য ব্যাংক হিসাব থাকা আবশ্যক করা হয়েছে।

এছাড়া, যারা ইতোপূর্বে প্রাক-নিবন্ধন করার সময় ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেননি, তাদেরকে মূল নিবন্ধনের সময় অবশ্যই ব্যাংক হিসাবের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য গত ০১ জুলাই থেকেই প্রাক-নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ বা সময়সীমা অনুসারে, আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে সকল হজযাত্রীকে অবশ্যই চূড়ান্ত হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

জা.অর্থনীতি/ উমার