অনলাইন ডেস্ক: দেশের কৃষি উৎপাদন সচল রাখতে এবং চাষাবাদ মৌসুমে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। জি-টু-জি (সরকার টু সরকার) চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে এই সার আমদানি করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৩৫১ কোটি ২৬ লাখ টাকা।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ২৯তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেশ করা প্রথম প্রস্তাবের ভিত্তিতে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডইনটর্গ) থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ৩৮০ মার্কিন ডলার দরে এই চালানটি আমদানিতে সরকারের ব্যয় হবে আনুমানিক ১৬৩ কোটি ৯২ লাখ টাকা।
মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রস্তাবের আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে আরও ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই চালানের প্রতি মেট্রিক টনের মূল্যও নির্ধারণ করা হয়েছে ৩৮০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১৮৭ কোটি ৪ লাখ টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই চালানের মাধ্যমে বাজারে এমওপি সারের সরবরাহ স্বাভাবিক থাকবে, যা দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখবে।
জা.অর্থনীতি/এসআই