Print Date & Time : 07 November 2026 Saturday 10:59 pm

সীমান্তে বিএসএফের পুশ-ইন, শিশুসহ আটক ১০

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশব্যাক করা ৪ শিশু ও ২ নারীসহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জুড়ী উপজেলার রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের পরিচয় জানা না গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

স্থানীয়দে বরাত দিয়ে বিজিবি জানান, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটক ব্যক্তিরা জীবিকার তাগিদে আগেই ভারতে গিয়ে হরিয়ানা রাজ্যে দিনমজুরের কাজ করতেন। গত ৯ মে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ তাদের মুঠোফোন ও পরিচয়পত্র জব্দ করে শুক্রবার ভোরের দিকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

নায়েক সুবেদার আবুল হাশেম বলেন, "সীমান্ত থেকে উদ্ধারের পর ক্ষুধার্ত ও জবুথবু অবস্থায় থাকা ওই ব্যক্তিদের ক্যাম্পে এনে খাবার দেওয়া হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

—জা. অর্থনীতি/এলএটি