Print Date & Time : 28 October 2026 Wednesday 07:34 am

ইউরোপজুড়ে তীব্র দাবদাহ: প্রাণহানি ৩ হাজার ৭০০

image

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে বয়ে যাওয়া রেকর্ডভাঙা তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাম্প্রতিক এই চরম আবহাওয়ার কারণে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অন্তত ৩,৭০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট দেশের সরকারি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এই পরিসংখ্যান প্রাথমিক এবং নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই দাবদাহটি ছিল ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ। তীব্র গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, ভেঙে পড়েছে অবকাঠামো এবং অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞানীরা অত্যন্ত জোরালোভাবে জানিয়েছেন যে, এই চরম জলবায়ু পরিবর্তনের পেছনে বৈশ্বিক উষ্ণায়নই দায়ী। দাবদাহের কারণে ফ্রান্স ২,০২৫ জন, বেলজিয়ামে ১,২০০ জন, নেদারল্যান্ডস ৪৮০ জনের প্রাণহানি ঘটেছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, দাবদাহের সময় দেশটিতে ২,০২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির পাবলিক হেলথ অথরিটির বুলেটিন অনুযায়ী, গত ২২ থেকে ২৮ জুনের মধ্যে-এর আগের সপ্তাহের তুলনায়-বাড়িতে মৃত্যুর হার প্রায় ৯১% বৃদ্ধি পেয়েছে।

এছাড়া নার্সিং হোম এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রেও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রাথমিক এই তথ্যের তুলনায় চূড়ান্ত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে সেখানে প্রায় ১,২০০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৫৩০ জনের বয়সই ছিল ৮৫ বছর বা তার বেশি। অপরদিকে ৬৫ বছরের কম বয়সীদের মৃত্যুর সংখ্যা ছিল ১৮০ জন। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মন্ত্রণালয় এক বিবৃতিতে একে দেশের ইতিহাসে নজিরবিহীন মৃত্যু বলে উল্লেখ করেছে।

নেদারল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই ৮০ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে ইউরোপসহ বিশ্বজুড়ে এমন চরম আবহাওয়ার প্রকোপ আরও বাড়তে পারে, যা মানব সভ্যতার জন্য এক বড় সতর্কবার্তা।

সূত্র: রয়টার্স

জা.অর্থনীতি/এসআই