Print Date & Time : 08 November 2026 Sunday 04:25 am

খামেনির বিদায় অনুষ্ঠান শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে দেশটির রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্স ও এর আশপাশের সড়কগুলোতে লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এক মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে দেশজুড়ে ঘোষিত সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই রাজধানীতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার প্রবেশদ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এদিকে তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান এক বিবৃতিতে বলেন, শহীদ নেতার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করেছি। পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল ঠিক ৬টায় জনসাধারণের জন্য মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শোকের পোশাক পরিহিত লাখ লাখ মানুষ গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে অপেক্ষা করছেন। বন্ধ গেটগুলোর সামনে ভিড় করে থাকা ভক্তরা স্টেশন খোলার সাথে সাথেই ট্রেনের উদ্দেশ্যে রওনা হন। পুরো যাতায়াত ব্যবস্থায় এখন তিল ধারণের ঠাঁই নেই।

এর আগে শুক্রবার (৩ জুলাই) গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই শোকানুষ্ঠানে ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ বিদেশি প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এসময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রয়াত নেতার মরদেহের সামনে অঝোরে কেঁদে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই কান্নার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে গভীর শোকের আবহ তৈরি করেছে।

জা.অর্থনীতি/এসআই