Print Date & Time : 07 November 2026 Saturday 08:49 pm

ছোলা ও সরিষা উদ্ধারের ঘটনায় ট্রাক চালক-হেলপারসহ আটক ৪

image

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ চোরাই ছোলা বুট ও সরিষা উদ্ধারের ঘটনায় ট্রাক চালক ও হেলপারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (৪ জুলাই) দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে হিলির মুহড়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ১৪ টন ছোলা বুট ও সরিষা উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যগুলো চট্টগ্রাম থেকে ট্রাকযোগে ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাক চালক ও হেলপার মাঝপথে মালিকের বিশ্বাসভঙ্গ করে কিছু পণ্য গোপনে বিক্রি করে দেয় এবং বাকি অংশ হিলির মুহড়াপাড়ার একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত মালামাল উদ্ধারের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রকৃত মালিকের সন্ধান মেলে।

 ওসি বলেন, "ফেসবুকে মালামাল উদ্ধারের খবর দেখে প্রকৃত মালিক থানায় যোগাযোগ করেন। তার লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার বিশেষ অভিযান চালিয়ে ট্রাকের মালিক, চালক ও হেলপারসহ ৪ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি