Print Date & Time : 08 November 2026 Sunday 01:58 am

ঘরে ঢুকে যুবককে পিটিয়ে ও গলা কেটে হত্যা

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের জেলা শহরে নিজ ঘরে ঢুকে রুবেল নামে এক যুবককে প্রথমে বাঁশ দিয়ে পিটিয়ে এবং পরে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভরদুপুরে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রবিবার (৫ জুলাই) দুপুরে এই বর্বরোচিত ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরে রুবেল তার নিজ ঘরে অবস্থান করছিল। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। ঘাতকরা প্রথমে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আশপাশের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে বা কারা এই খুনের ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘাতকদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি