Print Date & Time : 27 October 2026 Tuesday 03:13 am

৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় নারীসহ দুই জনের যাবজ্জীবন

image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আলোচিত ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

সোমবার (০৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশী অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। এর মধ্যে উজ্জ্বল বিশ্বাসকে এক লাখ টাকা এবং কল্পনা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণীতে জানা গেছে, কাশিয়ানীর তিলছড়া গ্রামের আসামী উজ্জ্বল বিশ্বাস ৮ম শ্রেণীর শিক্ষার্থী সংগীতা বিশ্বাসকে উত্ত্যক্ত করতো। কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামী কল্পনা বিশ্বাস পিঠা বানানোর কথা বলে সংগীতাকে ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে উজ্জ্বল বিশ্বাস তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম বলেন, ৬ বছর পর এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হলো এবং আমরা এতে খুশি। অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কদরে আলম খান বলেন, মক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, আমরা উচ্চ আদালতে যাবো।

—জা. অর্থনীতি/এলএটি