নিজস্ব প্রতিবেদক: রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও তার স্থায়ী প্রভাব দেখা যাচ্ছে না। পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ না হতেই আবারও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে মোহাম্মদপুর খাল।
এমন পরিস্থিতিতে "গ্রীন ঢাকা-ক্লিন ঢাকা" এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম শেষ হতে না হতেই আবারও আগের চেহারায় ফিরেছে মোহাম্মদপুর খাল। খালের পানির ওপর ভাসছে প্লাস্টিক, পলিথিন ও নানা ধরনের বর্জ্য। এতে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি বাড়ছে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং অসচেতনভাবে বর্জ্য ফেলার কারণে বারবার একই সমস্যার সৃষ্টি হচ্ছে। খাল রক্ষায় সংশ্লিষ্টদের আরও কার্যকর ও টেকসই উদ্যোগের দাবি তাদের।
এ অবস্থায় রাজধানীকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে "গ্রীন ঢাকা-ক্লিন ঢাকা" এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি ‘গ্রিন ঢাকা-ক্লিন ঢাকা কর্মসূচি’ ঘোষণা করেছেন। সেই কর্মসূচির আওতায় ঢাকা মহানগরসহ সারাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণাকে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছে।
একদিনের পরিচ্ছন্নতা অভিযান সাময়িকভাবে পরিবেশ বদলাতে পারে। তবে ময়লা যেখানে-সেখানে না ফেলা, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা—এই তিনটির সমন্বয়েই সম্ভব মোহাম্মদপুর খালসহ রাজধানীর জলাশয়গুলোকে স্থায়ীভাবে দূষণমুক্ত রাখা।
—জা.অর্থনীতি/এনজে