Print Date & Time : 08 November 2026 Sunday 03:34 am

মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ৬

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে একটি তিনতলা ভবন ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহন্মুম্বাই পৌর করপোরেশন জানায়, রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দের জনতা নগর এলাকায় অবস্থিত একটি তিনতলা ভবনের দুই থেকে তিনটি বসতঘর হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে নেওয়া হয়। শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে নেওয়া পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চার শিশু।

এদিকে রাজাওয়াড়ি হাসপাতাল জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় সাত বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ২৪ বছর বয়সী এক যুবকের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ভারী বর্ষণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানও রাতভর অব্যাহত ছিল।

জা.অর্থনীতি/এসআই