Print Date & Time : 23 October 2026 Friday 11:36 pm

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

image

অনলাইন ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাবে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এর প্রভাবে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর এবং মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্পপ্রতিষ্ঠান, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, পাইপলাইনের কাজ চলাকালে আশপাশের কয়েকটি এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জা.অর্থনীতি/এসআই