আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ওমানের লিমাহ এলাকার পূর্ব দিকে এই ঘটনা ঘটে।
সংস্থাটি জানায়, দক্ষিণমুখী ওই ট্যাংকারটির বাম দিকে (পোর্ট সাইড) ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চলাকালীনই এই হামলার ঘটনা ঘটল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি বাণিজ্যিক জাহাজে এই হামলা চালিয়েছে। হামলায় জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই নৌপথটি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে, যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে-যাতে এই প্রণালি দিয়ে সব জাহাজ অবাধে চলাচল করতে পারে। তবে তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ইরান উল্টো হুমকি দিয়েছে যে, তাদের উপকূলরেখা বরাবর নির্ধারিত অনুমোদিত করিডোরের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে সেই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজগুলোর ওপর একটি ফি বা টোল পদ্ধতি চালু করতে চায় ইরান, যার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর মার্কিন-ইরান সম্ভাব্য চুক্তিটি ভেস্তে যাওয়ার মুখে পড়ল কিনা, তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: ডিডব্লিউ
জা.অর্থনীতি/এসআই