রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে মরা গাছ পরিষ্কার করার সময় গাছের চাপায় লক্ষী বিলাস চাকমা (যুবক) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রাঙামাটিতে হালকা বৃষ্টিপাতের পর সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় টানা ভারী বর্ষণ। মঙ্গলবার সকালে লক্ষী বিলাস চাকমা একটি মরা গাছের গোড়া পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ গাছটি ভেঙে তার ঘাড়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তার মরদেহ নিয়ে আসেন। খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে টানা বৃষ্টির কারণে রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তবে অনেক বাসিন্দাই এখনো ঘর ছাড়তে অনিচ্ছুক বলে জানা গেছে।
রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই