Print Date & Time : 07 November 2026 Saturday 11:26 pm

৫ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

image

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে সমুদ্রপথে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে জানায়, কেটু এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমান মঙ্গলবার (৭ জুলাই) করাচির পশ্চিমে আরব সাগরের প্রায় ৩০০ কিলোমিটার দূরে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে বিমানটিকে রাডারে দ্রুত উচ্চতা হারাতে এবং হঠাৎ দিক পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ-উভয়ই বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ নৌবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির কোনো সন্ধান মেলেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ কার্গো বিমানটিতে মোট পাঁচজন ক্রু সদস্য ছিলেন। বিমানটির নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জা.অর্থনীতি/এসআই