আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
বুধবার (৮ জুলাই) লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ৫.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৫.৯৪ মার্কিন ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৮৪ শতাংশ বেড়ে ৭২.৪৪ মার্কিন ডলার প্রতি ব্যারেলে দাঁড়ায়। আগের দিনের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় এদিনও তেলের বাজারে শক্তিশালী মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওই হামলার পরিপ্রেক্ষিতেই এ সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: ফার্স্টপোস্ট
জা.অর্থনীতি/এসআই