Print Date & Time : 08 November 2026 Sunday 04:23 am

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ (শাস্তিমূলক তথ্য) তালিকায় তাদের নাম প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামনে আসে। তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি ফিফা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে ফিফার ম্যাচ প্রোটোকল লঙ্ঘন এবং অননুমোদিত এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, অনেক বিশ্লেষকের ধারণা, ওই ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে। অভিযোগ রয়েছে, বহিষ্কৃত হওয়ার পরও বালোগুন মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে উদযাপনে অংশ নেন, যা ফিফার নিয়মের পরিপন্থী।

তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলানোর কোনো সম্পর্ক নেই।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি ইউএস সকার ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণভাবে ফিফার এখতিয়ারভুক্ত। অন্যদিকে, ফিফাও এ বিষয়ে এখনো কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ফ্র্যাঙ্ক প্যানেল দলের নিরাপত্তাবিষয়ক দায়িত্বে ছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় দায়িত্ব পালন করেছেন।

জা.অর্থনীতি/এসআই