Print Date & Time : 27 October 2026 Tuesday 10:47 pm

আগামী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনি ও জাতীয় অঙ্গীকার। একই সঙ্গে তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফল।

আইনমন্ত্রী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্ট বিভাগের রায় আপিল বিভাগ বহাল রাখায় সেটিই এখন চূড়ান্ত। রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে এবং এতে উল্লিখিত ৫৪টি বিষয় পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে ‘জুলাই সনদ’কে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের চূড়ান্ত কাঠামো নির্ধারণে জনমত যাচাই ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদসহ প্রয়োজনীয় অন্যান্য সংস্কারও উচ্চ আদালতের রায় ও জনআকাঙ্ক্ষার ভিত্তিতে করা হবে। কোনো সংশোধনী জনগণের ওপর একতরফাভাবে চাপিয়ে দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।

আইনমন্ত্রী আরও জানান, সংবিধান সংশোধনের আগে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হবে। পাশাপাশি পরিমার্জিত মানবাধিকার কমিশন আইন আগামী সংসদ অধিবেশনেই পাসের জন্য উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

জা.অর্থনীতি/এসআই