Print Date & Time : 08 November 2026 Sunday 05:29 am

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও বাড়বে

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য শুল্কমুক্ত রপ্তানির সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ।

বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন। তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্য পাকিস্তানে বাধাহীনভাবে রপ্তানির বিষয়ে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান।

জবাবে পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে যাওয়ার প্রবণতা বাড়ছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের একটি প্রতিনিধিদল সম্প্রতি একাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে। এ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

এদিকে আগামী ১২ ও ১৩ জুলাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫৭টি সদস্য দেশের অংশগ্রহণে ‘নবম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন উইমেন’ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে পাকিস্তানের হাইকমিশনার মন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানান।

জা.অর্থনীতি/এসআই