Print Date & Time : 07 November 2026 Saturday 11:01 pm

বাজারে বাড়ছে চাপ: ডিম ও মাছের দামে অস্বস্তি

image

অনলাইন ডেস্ক: রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। একই সঙ্গে বেশিরভাগ মাছের দামও বাড়তি থাকায় চাপ বেড়েছে ক্রেতাদের ওপর।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ফার্মের ডিমের দাম ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা।

বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংসের দাম কেজিপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও রয়েছে বাড়তি দাম। মানভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩০ টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি দাম ইলিশের। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে। আর এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস ধরে মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। তবে চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় আকারের রুইয়ের দাম সব সময়ই তুলনামূলক বেশি থাকে। তাদের মতে, ইলিশের দাম গত কয়েক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, মাছ ও ডিমের বাড়তি দামে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।

জা.অর্থনীতি/এসআই