Print Date & Time : 08 November 2026 Sunday 09:56 am

রাম মন্দিরের দানের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া অর্থ পরিবারের সদস্য, বন্ধু ও প্রেমিকার পেছনে ব্যয় করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত অবিনাশ শুক্লা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, দান গণনার দায়িত্বে থাকা আট অভিযুক্তের একজন অবিনাশ শুক্লা চুরির অর্থ থেকে প্রায় ১৯ লাখ রুপি বিভিন্নভাবে খরচ করেন। এর মধ্যে ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়েতে প্রায় ৬ লাখ রুপি ব্যয় এবং আরেক ভাইকে ৫ থেকে ৬ লাখ রুপি দেওয়ার তথ্য উঠে এসেছে।

এ ছাড়া তিনি প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেন এবং তার ব্যাংক হিসাবে আরও প্রায় ২ লাখ ৫০ হাজার রুপি পাঠান বলেও তদন্তে জানা গেছে।

এর আগে পুলিশের নথিতে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে অবিনাশ শুক্লাই সবচেয়ে বেশি-প্রায় ২০ লাখ রুপি-নিজের কাছে রেখেছিলেন। যদিও তদন্তকারীদের ধারণা, দানবাক্স থেকে আত্মসাৎ করা মোট অর্থের পরিমাণ কয়েক কোটি রুপিতে পৌঁছাতে পারে।

বর্তমানে পুলিশ অর্থের উৎস, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট সম্পদের তথ্য খতিয়ে দেখে পুরো অর্থের গতিপথ অনুসন্ধান করছে।

জা.অর্থনীতি/এসআই