Print Date & Time : 08 November 2026 Sunday 03:08 am

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ৪ হাজার ছাড়াল

image

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। দেশটির পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

৭.২ মাত্রার একটি ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে বহু বহুতল ভবন ধসে পড়ে এবং ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

সরকারিভাবে জীবিতদের উদ্ধারের অভিযান শেষ হলেও স্বজনরা এখনও ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে ৩.০ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ভবন খালি করা হয়।

ভয়াবহ এ দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘ জরুরি ত্রাণ কার্যক্রমের জন্য প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে। সংস্থাটির মতে, প্রায় ১৩ লাখ মানুষ জরুরি মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছেন। এছাড়া আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠনের জন্য বিদেশে জব্দ থাকা দেশের সম্পদ ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রায় ৩০ টন ভেনেজুয়েলার স্বর্ণ ছেড়ে দেওয়ার অনুরোধও করেছেন। একই সঙ্গে তিনি সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল হতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তবে দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রাথমিক সাড়া নিয়ে অনেক ভেনেজুয়েলান অসন্তোষ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগে সরকারি উদ্যোগ যথেষ্ট ছিল না বলেও অভিযোগ উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জা.অর্থনীতি/এসআই