Print Date & Time : 08 November 2026 Sunday 07:01 am

বৃষ্টিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াতে সতর্কতা

image

অনলাইন ডেস্ক: টানা ভারী বর্ষণে রাজধানীর কাকলী, বনানী, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থীসহ জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ।

রোববার (১২ জুলাই) সকাল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের সামনে হাঁটুপানি জমে থাকায় র‍্যাম্প দিয়ে নামা যানবাহনের চলাচল ব্যাহত হয়। নিচের সড়কে ধীরগতির ট্রাফিকের সঙ্গে র‍্যাম্প থেকে নামা গাড়ির চাপ যুক্ত হওয়ায় এক্সপ্রেসওয়ের ওপরও দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষিতে বেলা ১১টার দিকে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ এক সতর্কবার্তায় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানায়। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বনানী র‍্যাম্পের নিচের অংশ, খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। বিশেষ করে কাকলী মোড়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে যান চলাচল করতে হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই