Print Date & Time : 28 October 2026 Wednesday 03:54 am

কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ২

image

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টোতে একটি সালসা স্ট্রিট ফেস্টিভ্যালে বন্দুকধারীদের গোলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা মোট ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, উৎসবস্থলে দুই ব্যক্তির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকাজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ তিনটি পৃথক অপরাধস্থল ঘিরে তদন্ত চালাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গোলাগুলির সময় উৎসবে প্রায় ১৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন, ফলে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডও হামলাকে অর্থহীন সহিংসতা আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই