Print Date & Time : 07 November 2026 Saturday 11:34 pm

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী সামানজার সাঈদ

image

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। 

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর। বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে আসেন সেরা পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। একে একে তারা অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীকে। 

গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনির শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। ইতিমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে, যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন।’ 

এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম। 

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড’। নানা ধাপ পেরিয়ে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। 

—জা. অর্থনীতি/এনএ