Print Date & Time : 08 November 2026 Sunday 01:00 am

পরিবারের সামনে ১১ বছরের শিশুকে টেনে নিয়ে গেল সিংহ

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের জুনাগড় জেলার গিরনার পাহাড়ে তীর্থযাত্রার সময় সিংহের হামলায় ১১ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে গিরনারের তীর্থপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে খেডা জেলার মোদাজ গ্রামের একটি পরিবার গিরনার পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠছিল। এ সময় প্রায় ৫০তম ধাপের কাছে হঠাৎ একটি সিংহ শিশুটির ওপর হামলা চালিয়ে তাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়। ঘটনাটি শত শত তীর্থযাত্রীর সামনেই ঘটে।

পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে শিশুটির মরদেহের অংশ উদ্ধার করা হয়। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই বন বিভাগ তীর্থপথ বন্ধ করে অনুসন্ধান অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার অভিযানে হামলায় জড়িত সন্দেহে একটি সিংহকে আটক করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও দুটি সিংহও ধরে পরীক্ষার জন্য সাক্কারবাগ চিড়িয়াখানায় নেওয়া হয়েছে।

বন কর্মকর্তারা জানান, আটক সিংহটির পরীক্ষার সময় বমিতে মানবদেহের অংশ পাওয়া গেছে, যা হামলায় তার জড়িত থাকার সন্দেহ আরও জোরালো করেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পায়ের ছাপ, টেনে নিয়ে যাওয়ার চিহ্নসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

জা.অর্থনীতি/এসআই