Print Date & Time : 08 November 2026 Sunday 05:15 pm

বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

image

মাদারীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা প্রিয় নেতাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে মহাসড়কে অপেক্ষা করেন।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। 

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে জেলায় প্রবেশ করলে মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বহরটি পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রমের সময় লাল-সবুজের পতাকাবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত জনতা। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও জনতার অভিবাদনের জবাব দেন।

শিবচরের পাশাপাশি রাজৈর উপজেলার টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। অপরদিকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাত সত্ত্বেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান, করতালি ও ফুলেল অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাদারীপুরের মহাসড়কজুড়ে এক বর্ণিল ও উৎসবমুখর আবহ তৈরি হয়।

—জা. অর্থনীতি/এলএটি