অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বরিশালে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর।
সফরের শুরুতে সরিকল খালের পাশে আয়োজিত কর্মসূচিতে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বরিশালের ঐতিহ্যবাহী আমড়া ও নারিকেল গাছসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে বরিশাল বিভাগের দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তোরণ, ব্যানার বা ফেস্টুন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও স্থানীয়রা তাকে স্বাগত জানাবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা, যান চলাচল ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
জা.অর্থনীতি/এসআই