Print Date & Time : 08 November 2026 Sunday 06:37 pm

৪ বছরের শান্তি ভেঙে সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (১৩ জুলাই) সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হুথিরা অভিযোগ করে, সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। ওই হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ আখ্যা দিয়ে তারা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সানার বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে। তাদের দাবি, বিমানটি পরে হুথি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বিমানবন্দরে অবতরণ করে।

এ ঘটনার পর হুথিরা সৌদি আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। একই সময়ে আন্তর্জাতিক রেড ক্রসের একটি বিমান সানার বিমানবন্দরে আটকে রাখার অভিযোগও উঠেছে। তবে সংস্থাটি জানিয়েছে, তাদের সব কর্মী ও বিমানকর্মী নিরাপদে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালের মার্চে শুরু হওয়া সৌদি-হুথি যুদ্ধবিরতির পর এটিই সৌদি ভূখণ্ডে হুথিদের প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র হামলা। ফলে দীর্ঘদিনের স্থিতিশীল পরিস্থিতি ভেঙে ইয়েমেন সংঘাত আবারও নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

জা.অর্থনীতি/এসআই