Print Date & Time : 08 November 2026 Sunday 08:02 am

মস্কোতে অনুষ্ঠিত হলো রোবটের বিয়ে!

image

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হলো দেশটির ইতিহাসের প্রথম প্রতীকী ‘রোবোটিক বিবাহ’। অনুষ্ঠানে বর-কনের সাজে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেয় দুই হিউম্যানয়েড রোবট- রবার্ট ও মাটিল্ডা। তবে এই বিয়ের কোনো আইনি বৈধতা নেই; এটি ছিল প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের একটি বিশেষ আয়োজন।

রাশিয়ার ‘পারিবারিক দিবস, ভালোবাসা ও আনুগত্য দিবস’ উপলক্ষে ঐতিহাসিক পুশকিন লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে মানুষের বিয়ের বিভিন্ন রীতিনীতি অনুসরণ করা হয়। আগে থেকেই প্রোগ্রাম করা প্রতিশ্রুতি বিনিময়ের পাশাপাশি বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ‘ডগমাটিক’ নামে একটি রোবট কুকুর, যা প্রতীকী বিয়ের ব্রেসলেট বহন করে নিয়ে আসে।

আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের উদ্দেশ্য রোবটের আবেগ বা অনুভূতি প্রমাণ করা নয়। বরং গৃহস্থালির কাজে ব্যবহৃত হিউম্যানয়েড রোবটগুলো কতটা দক্ষতার সঙ্গে জটিল ও সামাজিক পরিবেশভিত্তিক কাজ সম্পন্ন করতে পারে, সেটিই সাধারণ মানুষের সামনে তুলে ধরা।

রাশিয়ায় ২০০৮ সাল থেকে প্রতি বছর ৮ জুলাই সেন্ট পিটার ও ফেভরোনিয়া-র স্মরণে ‘পারিবারিক দিবস, ভালোবাসা ও আনুগত্য দিবস’ পালিত হয়। ঐতিহ্যবাহী এই উৎসবের সঙ্গে আধুনিক রোবটিক্স প্রযুক্তির সমন্বয়ে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠানটি স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রযুক্তিবিদদের মতে, এ ধরনের আয়োজন ভবিষ্যতে মানুষের সামাজিক পরিবেশে হিউম্যানয়েড রোবটের আরও কার্যকর উপস্থিতির সম্ভাবনার ইঙ্গিত দেয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জা.অর্থনীতি/এসআই