Print Date & Time : 08 November 2026 Sunday 09:10 am

গোসল করতে নেমে প্রাণ গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে গোসল করতে নেমে পানিতে ডুবে জাকিয়া সুলতানা জিসা নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার কৈটারী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসা ওই এলাকার জাহাঙ্গীর আলম ও জোহরা বেগম দম্পতির মেয়ে। 

স্থানীয়রা জানান, অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হওয়ায় কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের একটি ছড়া সংলগ্ন জলাশয়ে গোসল করতে যায় জিসা। একপর্যায়ে পানির স্রোতে গভীর অংশে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বান্ধবীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে জিসার মরদেহ উদ্ধার করেন। 

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি