Print Date & Time : 07 November 2026 Saturday 10:42 pm

বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ, মুরগি ও সবজির দাম

image

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজধানীর কাঁচাবাজারে মাছ, মুরগি, ডিম ও সবজির দাম বেড়েছে। সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যাহত হওয়াকে দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, টাউনহলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। একই সঙ্গে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় উঠেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মানভেদে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা, রুই ২৫০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির দাম উঠেছে ৩২০ থেকে ৩৬০ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলে এবং বিভিন্ন এলাকা থেকে সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা।

জা.অর্থনীতি/এসআই