Print Date & Time : 28 October 2026 Wednesday 09:44 am

মধ্যপ্রাচ্য উত্তেজনায় এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ১২ শতাংশ

image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভেঙে পড়া যুদ্ধবিরতি, হরমুজ প্রণালিতে তেল সরবরাহে বিঘ্ন এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব ঘিরে নতুন শঙ্কা জ্বালানি বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টা ১৮ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা প্রায় ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৮ ডলারে।

চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই-উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে এর জবাবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি পথ বাব আল-মান্দেব বন্ধ করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে তেহরানের শীর্ষ নেতৃত্ব।

বাজার বিশ্লেষকদের মতে, ডব্লিউটিআই ক্রুডের দাম বর্তমান অবস্থান ধরে রাখতে পারলে স্বল্পমেয়াদে তা ব্যারেলপ্রতি ৮০ ডলারের মাঝামাঝি পর্যায়ে পৌঁছাতে পারে।

এরই মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সূত্র: ফাস্টপোস্ট

জা.অর্থনীতি/এসআই