Print Date & Time : 07 November 2026 Saturday 07:12 pm

টেকনাফে ২৪ ঘন্টায় ১১৭ মিমি বৃষ্টিপাতের রেকর্ড

image

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে দেশের উজানে ভারতের মেঘালয়ের আর কে এম সোহরা এলাকায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার তথ্য দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানায়, উজান ও দেশের অভ্যন্তরে চলমান বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি সমতলে পরিবর্তন দেখা যাচ্ছে।

পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৮টিতে পানি বৃদ্ধি, ৫৬টিতে হ্রাস এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। একটি স্টেশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন।

বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ৩৪ সেন্টিমিটার এবং মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সুরমা নদীর ছাতক, কুশিয়ারা নদীর শেরপুর, সোমেশ্বরী নদীর কলমাকান্দা এবং তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও হরিপুর স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃষ্টিপাত ও উজানের পানিপ্রবাহের কারণে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ