Print Date & Time : 08 November 2026 Sunday 08:33 pm

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

image

অনলাইন ডেস্ক: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতি পর্ব আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং সংস্থাটির সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি সময়ের পুরো সুবিধা নিতে পারেনি।

বাণিজ্যমন্ত্রী জানান, এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং উত্তরণকে আরও মসৃণ, স্থিতিশীল ও টেকসই করতে অতিরিক্ত তিন বছর সময় প্রয়োজন। এই সময়ের মধ্যে কাঠামোগত সংস্কার, সুশাসন জোরদার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আর্থিক খাত শক্তিশালীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করা হবে।

বৈঠকে ইকোসকের শীর্ষ প্রতিনিধিরা বাংলাদেশের এলডিসি উত্তরণের পথে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো স্বীকার করে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই