আন্তর্জাতিক ডেস্ক: ইরান দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিমোটচালিত ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরাক সীমান্তসংলগ্ন খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশে ড্রোনটি গুলি করে নামানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।
মার্কিন বিমান বাহিনীর তথ্যমতে, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন আকাশযান, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী হামলা পরিচালনায় ব্যবহৃত হয়।
এদিকে, ইরানের সাম্প্রতিক হামলার পর কুয়েত ও বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের সতর্ক থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
জা.অর্থনীতি/এসআই