Print Date & Time : 27 October 2026 Tuesday 04:18 am

গঙ্গাচড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

image

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান আটকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর এই তথ্য নিশ্চিত করেন। 

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর এলাকার মো. সুমন মিয়া (২৮) এবং লালমনিরহাট সদর উপজেলার দেউতিরহাট পঞ্চগ্রাম এলাকার মোছা. লুনা আক্তার সুমি (২৫)।

রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস) তত্ত্বাবধানে ওসি সোহেল রানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওৎ পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশী করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতে নাতে আটক করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গঙ্গাচড়া থানায় সুমন ও লুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি