আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম।
সোমবার (২০ জুলাই) থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। এ দিন ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে, যা গত এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ০৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। এটি ১১ জুনের পর সর্বোচ্চ দাম।
এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৯ ডলার বা ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এটি ১২ জুনের পর সর্বোচ্চ।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইনও নতুন করে ইরানি হামলার খবর দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয়পক্ষই নৌ চলাচলকে লক্ষ্যবস্তু করছে।
বার্কলেজের বিশ্লেষক অমরপ্রীত সিং এক নোটে বলেন, পুনরায় আরোপিত দ্বৈত অবরোধের কারণে অঞ্চলটি থেকে তেল রপ্তানি কতটা স্বাভাবিক থাকবে, সে বিষয়ে আগামী কয়েক দিন ও সপ্তাহে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের বাজার সম্ভাব্য সরবরাহ সংকটের ঝুঁকিকে এখনও যথাযথভাবে মূল্যায়ন করছে না। যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এখন বৈশ্বিক তেলের মজুত আরও কম এবং তা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
—জা. অর্থনীতি/এনজে