Print Date & Time : 07 November 2026 Saturday 10:34 pm

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে হামহাম জলপ্রপাত দেখতে গিয়ে পিছলে পড়ে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছে। 

সোমবার (২০ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল দুর্গম পাহাড়ের ভেতরে থাকা হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ ও আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চান। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
 
পুলিশ জানান, জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল ৩ টায় কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অপর সকল পর্যটক সুস্থ রয়েছেন বলে জানায় পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি