Print Date & Time : 28 October 2026 Wednesday 08:50 am

যুবদলকর্মী ইউসুফ হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার দাবি

image

অনলাইন ডেস্ক: যুবদলকর্মী ইউসুফ হত্যা ও হামলার মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাফরুল থানা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু। তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকেই তাকে এবং তার সহকর্মীদের টার্গেট করা হয়। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যার নীলনকশা তৈরি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এই হামলার মূল চক্রান্তকারী নিজে আড়ালে থেকে হাফিজুর রহমান হাফিজ ওরফে 'সিএনজি হাফিজ'-কে সামনে রেখে পুরো কিলিং মিশন পরিচালনা করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর মিরপুর এলাকায় সশস্ত্র হামলায় কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ নিহত হন এবং আহত হন আরও দুজন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে ইউসুফ হত্যা ও হামলার ঘটনায় জড়িত মূল নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং নেপথ্যের সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কাফরুল থানা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু।

—জা.অর্থনীতি/আইবিএম